দক্ষিণী অভিনেত্রী নব্যা নায়ার অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে জুঁই ফুলের মালা নিয়ে বিপাকে পড়লেন। ‘বায়ো সিকিউরিটি আইন’ ভাঙায় তাঁকে দিতে হল ১.১৪ লাখ টাকা জরিমানা।
অভিনেত্রী নব্যা নায়ার (Navya Nair) ভাবতেও পারেননি যে খোঁপায় দেওয়া একগুচ্ছ জুঁই ফুলের মালা তাঁকে বিপদে ফেলবে। বাবার হাতে কেনা সেই মালার কারণেই গুনতে হল প্রায় ১.১৪ লাখ টাকার জরিমানা। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে (Melbourne Airport)।

ওনম উৎসবে যোগ দিতে অস্ট্রেলিয়া সফর
জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী নব্যা নায়ার সম্প্রতি মলয়ালি সম্প্রদায়ের ওনম উৎসবে যোগ দিতে গিয়েছিলেন অস্ট্রেলিয়া। সফরের সময় তাঁর বাবা প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা একটি জুঁই ফুলের মালা কিনে দেন। সেই মালার কিছুটা তিনি খোঁপায় ব্যবহার করেন, আর বাকিটা রেখে দেন হ্যান্ডব্যাগে। আর এখানেই বিপত্তি।
‘বায়ো সিকিউরিটি ল’ ভঙ্গের অভিযোগ
খোঁপায় ফুল ব্যবহার এবং ব্যাগে ফুল বহন করার কারণে নব্যা নায়ার ভঙ্গ করেন অস্ট্রেলিয়ার কড়া ‘বায়ো সিকিউরিটি আইন’। এই নিয়ম অনুযায়ী, বাইরের দেশ থেকে কোনও উদ্ভিদ, ফুল বা বীজ প্রবেশ করানো নিষিদ্ধ, কারণ এগুলি রোগ বা কীটপতঙ্গ বহন করতে পারে। এতে স্থানীয় মানুষ, প্রাণী ও পরিবেশের ক্ষতির আশঙ্কা থাকে।
নব্যা নায়ারের প্রতিক্রিয়া
অভিনেত্রীর কথায়, “আমি একেবারেই জানতাম না যে এই আইন রয়েছে। কিন্তু আইন মানতে হয়। তাই নিয়ম মেনে জরিমানা দিয়েছি।”